ঢাকা
১৭ আগস্ট ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়লো

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৬ মে ২০২৬   ৩৩ বার পঠিত
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়লো

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে। দুই দিনের আলোচনা শেষে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও অগ্রগতির জন্য ৪৫ দিন বাড়ানো হয়েছে। তিনি আলোচনাকে “খুবই ফলপ্রসূ” বলে উল্লেখ করেন।

রবিবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্তের ফলে আগামী কয়েক সপ্তাহে আরও বৈঠক অনুষ্ঠিত হবে।

এটি ছিল দুই দেশের মধ্যে তৃতীয় দফা বৈঠক। এর আগে ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করে। পরবর্তীতে দক্ষিণ লেবাননে ব্যাপক বোমা হামলা ও স্থল অভিযানের কারণে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এখনো সীমান্ত এলাকায় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আলোচনায় অংশ নেওয়া লেবাননের প্রতিনিধিদল জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে চায়। অন্যদিকে ইসরায়েল বলছে, যেকোনো দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির অংশ হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনা হিসেবে দেখা হচ্ছে। এতে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন।

টমি পিগট আরও জানান, আগামী ২৯ মে পেন্টাগনে নতুন নিরাপত্তা আলোচনা শুরু হবে এবং ২-৩ জুন স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার আলোচনাকে “খোলামেলা ও গঠনমূলক” বলে উল্লেখ করে বলেন, পুরো প্রক্রিয়ায় নাগরিক ও সেনাদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031