https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। এ পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন কামরুজ্জামান কমল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।
এবারের নির্বাচনে আরমান-মুক্তি পরিষদ এবং শিবা শানু-জয় চৌধুরী পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। কয়েক সপ্তাহের প্রচার-প্রচারণা ও মতবিনিময়ের পর শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট গণনা সম্পন্ন করে শনিবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।