https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রবি আজিয়াটা পিএলসির নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। সোমবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রুহুল আমিন ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতার মধ্যে ১৪ বছরের বেশি সময় তিনি রবিতে কর্মরত রয়েছেন। অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যবসায়িক নেতৃত্বে তার অভিজ্ঞতা রয়েছে।
রবিতে কর্মরত অবস্থায় তিনি প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর, আর্থিক সুশাসন জোরদার, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত ছিলেন।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, রুহুল আমিনের ব্যবসা সম্পর্কে গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্ব এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। একই সঙ্গে গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। এছাড়া তিনি অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) ও সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন করেছেন।