https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তবে আদালতের রায়ের পর ভেঙে না পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিক উপস্থিতি বজায় রেখে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
দিল্লি হাই কোর্ট শুক্রবার (১০ জুলাই) এই রায় দেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই মামলায় ১১ দিন তিহার কারাগারে ছিলেন রাজপাল। পরে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আদালতের নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় এবার তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র শেয়ার করেন রাজপাল। ভিডিওটিতে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে তাঁকে দেখা যায়। বিজ্ঞাপনটি ছিল হাস্যরসাত্মক, যা আদালতের রায়ের পরপরই প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।
অনেকেই মনে করছেন, কঠিন আইনি পরিস্থিতির মধ্যেও রাজপাল নিজের পেশাগত কাজ ও স্বাভাবিক জীবনযাপন থেকে সরে আসেননি।
মামলার সূত্রপাত ২০১০ সালে। ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে পারেননি। পরে সেই ঋণের বিপরীতে দেওয়া চেক বাউন্স হলে বিষয়টি আদালতে গড়ায়।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন অভিনেতা। সে সময় তিনি বলেছিলেন, বকেয়া অর্থ পরিশোধে সহায়তা করার মতো কোনো বন্ধু তাঁর নেই।
এর আগে ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদব ও তাঁর স্ত্রীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে হাই কোর্টে আপিল করলে সেই সাজা স্থগিত হয়। ২০২৪ সালেও আদালত তাঁদের দোষী সাব্যস্ত করলেও বকেয়া অর্থ পরিশোধের সুযোগ দিয়ে সাজা কার্যকর স্থগিত রাখা হয়েছিল।
আদালতের তথ্য অনুযায়ী, রাজপাল যাদব এখন পর্যন্ত দুই দফায় ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করেছেন। তবে অবশিষ্ট অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এবার তাঁকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।