https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চার বছর আগে রাজধানীর বনানীর বাসায় র্যাবের অভিযানের পর গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম ওই অভিযানের বিষয়ে মন্তব্য করেন। তাঁর দাবি, পরীমণীকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাঁর কাছে সেই অভিযান কখনোই যৌক্তিক মনে হয়নি।
খাইরুল ইসলামের এই বক্তব্যের পর শনিবার এক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, তাঁর জীবনের সেই অধ্যায় একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তাঁকে গভীরভাবে আঘাত করেছে। ওই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরীমণি বলেন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান দেরিতে হলেও এমন কিছু সত্য প্রকাশ্যে এনেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর পর তৎকালীন র্যাব প্রধানের নির্দেশে তাঁকে অন্যায়ভাবে এবং বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
অভিনেত্রীর দাবি, পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় এবং টানা ২৮ দিন কারাগারে রাখা হয়। তাঁর ভাষায়, সেই সময়ের অভিজ্ঞতা তাঁর জীবনকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা পুরোপুরি বোঝা অন্য কারও পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না।