ঢাকা
১৭ আগস্ট ২০২৬

শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ২৭ বার পঠিত
শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে আনন্দঘন ও প্রাণোচ্ছ্বল সময় কাটিয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনের পর তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনে যান। সেখানে শিশুদের হাসি, খেলাধুলা আর চঞ্চলতায় মুখর পরিবেশে পৌঁছে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে সহজেই মিশে যান।

প্রায় ১৮ মিনিট শিশুদের সঙ্গে সময় কাটান সরকারপ্রধান। এ সময় শিশুরা তাকে ঘিরে আনন্দ প্রকাশ করে। কেউ করমর্দন করে, কেউ খেলনা দেখায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি উপহার দেয়। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সেসব দেখেন এবং শিশুদের উৎসাহ দেন।

পরে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী। তিনি শিশুদের হাতে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ তুলে দেন। এ সময় শিশুদের উদ্দেশে তিনি বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন, আসো আমরা একসঙ্গে কেক কাটি।”

কেক কাটার মুহূর্তে পুরো কক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে। শিশুরা আনন্দে ‘হ্যাপি বার্থডে’ গান গায়। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে কেক খাইয়ে দেয়।

শিশু আরিবা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “প্রধানমন্ত্রী আংকেল খুব ভালো, খুব সুইট। আমরা একসঙ্গে কেক খেয়েছি, খুব মজা হয়েছে।”

ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না শিশুদের পরিচর্যা ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিশুদের খাদ্য ও মানসিক বিকাশের বিষয়েও খোঁজ নেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, মন্ত্রণালয়ের অধীনে ঢাকাসহ সারা দেশে বর্তমানে ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। চার থেকে ছয় বছর বয়সী শিশুরা এসব কেন্দ্রে সাড়ে ১০ ঘণ্টা সেবা পেয়ে থাকে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের দিকে হাত নেড়ে বিদায় জানান। শিশুরাও হাসিমুখে সালাম ও হাত নেড়ে তাকে বিদায় জানায়। বাসস

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031