সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। একইসঙ্গে পৃথক এক অফিস আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।
এর আগে ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। পরদিন থেকেই কর্মকর্তাদের মন্ত্রণালয়ে সংযুক্তির কার্যকারিতা দেখানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এতে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন