https://timenewsbangla.com

গত পাঁচ মাসে ৭ লাখের বেশি কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির তথ্য অনুযায়ী, সরকারের কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের ৪৮ জেলার ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক এ সুবিধা পেয়েছেন।
ব্যাংকটির দাবি, তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত সুবিধাভোগীদের ঋণ মওকুফ করা হয়েছে। এতে দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা আবার নতুন করে কৃষিঋণ নেওয়ার সুযোগ পাবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেয়। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকদের জন্য ঘোষিত এ কর্মসূচিতে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে, যাতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হওয়ার কথা।
বাংলাদেশ কৃষি ব্যাংক জানিয়েছে, ঘোষিত কর্মসূচির প্রায় ৩৯ শতাংশ তারা বাস্তবায়ন করেছে। একই সঙ্গে দেশের মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশই এ ব্যাংকের মাধ্যমে বিতরণ হয়।
ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, দ্রুত যাচাই-বাছাই শেষে ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক কৃষক ঋণের দায়মুক্ত হয়ে আবারও কৃষি উৎপাদনে বিনিয়োগের সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮০০ কোটি টাকা। তবে এ সময়ে ব্যাংকটি বিতরণ করেছে ৯ হাজার ৮১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।