https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপ শিল্পী ইন্দর কৌর–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লুধিয়ানার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গত ১৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর নিজ গাড়িতে করে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন ইন্দরের ভাই। পরিবারের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডাপ্রবাসী ওই ব্যক্তি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় সুখবিন্দর সিংয়ের বাবা প্রীতম সিং ও তাঁর বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত সুখবিন্দর সিং ইতোমধ্যে কানাডায় পালিয়ে গেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে সুখবিন্দরের সঙ্গে ইন্দর কৌরের পরিচয় হয়। পরে তিনি জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। এরপর ইন্দর কৌর বিয়ে ও সম্পর্ক—দুটিই প্রত্যাখ্যান করেন। পরিবারের অভিযোগ, এর জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয়।
পরিবার আরও দাবি করেছে, সুখবিন্দর কানাডা থেকে নেপাল হয়ে পাঞ্জাবে এসে এই হত্যাকাণ্ড ঘটান। অপহরণের জন্য মোগা থেকে দুটি ট্যাক্সিও ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। হত্যার পর একই পথে তিনি আবার কানাডায় পালিয়ে যান বলে জানিয়েছে পরিবার।
প্রায় পাঁচ বছর আগে গানের জগৎ থেকে সরে এসে ইন্দর কৌর একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও পাঞ্জাবি সংগীতাঙ্গনে তিনি পরিচিত মুখ ছিলেন।