ঢাকা
০৩ জুন ২০২৬
শিরোনাম
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশসহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

থার্ড টার্মিনাল চালু হবে ডিসেম্বরে, কাটলো জট : রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ৩২ বার পঠিত
থার্ড টার্মিনাল চালু হবে ডিসেম্বরে, কাটলো জট : রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপান

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে চালুর পথে এগোচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। পরিচালনাসংক্রান্ত প্রায় সব প্রক্রিয়া শেষ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন বাকি শুধু পরিচালনা চুক্তি স্বাক্ষর। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ১৬ জুলাই চুক্তি সই হবে এবং সরকারের লক্ষ্য অনুযায়ী ১৬ ডিসেম্বর টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে।

গত ১৭ মে জাপানি প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) জমা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ৪২ দিনের মধ্যেই চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী জুনের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ আলোচনা ও একাধিক দফা দরকষাকষির পর থার্ড টার্মিনাল পরিচালনার কাঠামো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, টার্মিনালের চারটি প্রধান খাত থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং বাকি ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।

সূত্রগুলো বলছে, অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই শেষ হলেও পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আয় বণ্টন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে মতপার্থক্যের কারণে চালু হতে দেরি হচ্ছিল। সম্প্রতি সরকার জাপানি পক্ষের প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়ায় আলোচনায় গতি আসে। অতিরিক্ত কাজের বিল পরিশোধও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী, এমবার্কেশন ফি, দোকান ও লাউঞ্জ ভাড়া, কার্গো হ্যান্ডলিং চার্জ এবং কার পার্কিং থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এসব খাতের আয় থেকেই জাপান পাবে ৭৩ শতাংশ এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।

তবে বিমানবন্দরের কৌশলগত ও নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাত বেবিচকের নিয়ন্ত্রণেই থাকবে। ওভারফ্লাইং চার্জ, বিমান অবতরণ ফি, কাস্টমস, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের ভেতরেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের আর্থিক স্বার্থ, জাইকার ঋণ পরিশোধ, পরিচালন ব্যয় ও কৌশলগত নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একাধিক বৈঠকের পর দুই পক্ষ বর্তমান কাঠামোয় একমত হয়েছে বলে জানা গেছে।

জাপানি পক্ষের দাবি, এই মডেল বাস্তবায়িত হলে বাংলাদেশ নিরাপদ ও স্থিতিশীল রাজস্ব প্রবাহ নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে জাইকা ঋণ পরিশোধের চাপও কিছুটা কমবে। এছাড়া দ্রুত অপারেশন চালু, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, কার্গো ব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলেও তারা মনে করছে।

আলোচনায় জাপানি প্রতিনিধিরা টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর পরিচালনার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। তাদের মতে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী ১৫ বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও কার্গো সক্ষমতা দ্বিগুণ করা সম্ভব।

কর্মকর্তারা বলছেন, বর্তমান অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকলে ডিসেম্বরেই থার্ড টার্মিনাল চালুর সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে। নতুন টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে, বাড়বে যাত্রী ধারণক্ষমতা এবং আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালনাও সহজ হবে। পাশাপাশি কার্গো পরিবহন ব্যবস্থায় গতি আসবে, যা দেশের রফতানি খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930