https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের এক শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীর ওই বাসায় যান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটিকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে সেখান থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বাবার করা মামলায় তাঁদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে। মামলায় ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
এরই মধ্যে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।