দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫৮ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৫৫।
একই সময়ে আরও ৯৫৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫ জন।