https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ আর কখনো নতজানু বা ‘ক্লায়েন্ট স্টেট’ পর্যায়ে ফিরে যাবে না।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর বর্তায়। তিনি কূটনীতিকদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থ রক্ষায় এই দায়িত্ব সবসময় মনে রাখতে হবে।
তিনি বলেন, আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিক হচ্ছে—সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট বা নতজানু রাষ্ট্রের অবস্থায় আর কখনো ফিরে যাব না।
ড. খলিলুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যান। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তিনি বলেছিলেন, আমরা যেন কখনো ভুলে না যাই, আমরা তাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দায়িত্ব পালন করছি।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে হারিয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেশটি আবার দৃশ্যমান হয়ে উঠছে। তাঁর মতে, এটি বাংলাদেশের স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা একটি কঠিন সংগ্রামের মাধ্যমে দেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে দিয়েছে। এখন সেই দেশকে ভালোবাসা, নিষ্ঠা, মেধা ও প্রজ্ঞা দিয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।
তিনি বলেন, শহীদরা আমাদের হাতে একটি বড় দায়িত্ব অর্পণ করে গেছেন। সেই দায়িত্ব পালনে পররাষ্ট্রসেবার প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।