https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মন্ত্রীদের ন্যূনতম বেতন ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের বেতন ৫ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
শুক্রবার ঢাকায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রস্তাব নিজের জন্য নয়; কারণ তিনি বর্তমানে এমপি ও প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকলেও ভবিষ্যতে এই পদে নাও থাকতে পারেন।
নুরুল হক বলেন, বর্তমানে একজন সংসদ সদস্য প্রায় ৫৫ হাজার টাকা, মন্ত্রী ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ৯২ হাজার টাকা বেতন পান। কিন্তু নির্বাচনী এলাকায় মানুষের বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সহায়তার চাপ থাকে, যা বর্তমান বেতনে সামাল দেওয়া কঠিন।
তিনি বলেন, চিকিৎসা সহায়তা, বিয়ে, খেলাধুলার আয়োজনসহ নানা প্রয়োজনে মানুষ জনপ্রতিনিধিদের কাছে আসে। এসব দায়িত্ব পালনে পর্যাপ্ত আর্থিক সক্ষমতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব তিনি দিয়েছিলেন। তার মতে, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের মতো বেতন নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় তিনি জানান, চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা পাসপোর্ট, ভিসা ও বিমানবন্দরসহ বিভিন্ন সেবা গ্রহণে অগ্রাধিকার সুবিধা পাবেন।