https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় টিউমার অপসারণ করেছেন চিকিৎসকেরা। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে টিউমারটি অপসারণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার অস্ত্রোপচারের সময় সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারে প্রধান সার্জন হিসেবে ছিলেন ডা. মো. আরিফ উল হাসান। তাকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।
অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।
তিনি আরও বলেন, বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি ছিল তার পঞ্চম।
ডা. আরিফ উল হাসানের করা বড় আকারের টিউমার অপসারণের সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন তিনি। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।
এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় এসেছিলেন ডা. আরিফ উল হাসান।