যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের জন্য এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
কর্তৃপক্ষের দাবি, নতুন নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থার বিভিন্ন ফাঁকফোকর বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও এটি সহায়ক হবে বলে মনে করছে তারা।
তবে বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী সুবিধা দেওয়া হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে মানবাধিকার সংগঠন ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, নতুন এই নিয়মের ফলে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতনের মুখে পালিয়ে আসা নারী এবং ঝুঁকিতে থাকা শিশুদের আবার সেই দেশেই ফিরে যেতে হতে পারে, যেখান থেকে তারা নিরাপত্তার জন্য পালিয়ে এসেছিল।
বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসা নীতিতেও কড়াকড়ি আরোপের উদ্যোগ নেয়।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজারো অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।