https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সম্মেলন হতে এখনো সময় আছে, এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ সরকারের বিভিন্ন সাংবিধানিক ও অভ্যন্তরীণ কর্মসূচি রয়েছে। এসব কারণে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করছেন। তবে সময় ও দুই দেশের আলোচনার অগ্রগতি বিবেচনায় নিয়ে ভারত, জাপানসহ বিভিন্ন দেশে সফর হতে পারে।
তিনি বলেন, বিদেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক। তবে সফর নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার ওপর। এখন পর্যন্ত কোনো সফরই চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হলে অনেক দ্বিপক্ষীয় সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ সেই সুযোগকে গুরুত্ব দেয় এবং ভারতকেও তা কাজে লাগানোর আহ্বান জানায়।
ভারতে অবস্থানরত সাবেক এক নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয় না। জুলাইয়ের ঘটনাপ্রবাহ এখনো মানুষের মনে গভীরভাবে রয়েছে, তাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা প্রয়োজন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না, তা দুই দেশের আলোচনার ভিত্তিতেই পরে চূড়ান্ত হবে।