https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নেও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।
বৈঠকে জাতীয় গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকের অনুমোদন পাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা এবং বরাদ্দের সঠিক ও সুষম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ও অর্থ বরাদ্দের বিস্তারিত চিত্র উপস্থাপন করা হয়।
সভায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।