https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নোয়াখালীর মাইজদীতে সিআইডি পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে তার সাবেক স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি ইউনিফর্ম, তিনটি ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার গভীর রাতে মাইজদীর বসুন্ধরা কলোনিতে তরুণীর বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সিআইডি কর্মকর্তার পরিচয়ে একটি মামলার তদন্তের কথা বলে বাসার দরজা খুলতে বলেন। পরে জোর করে বাসায় ঢুকে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাসার ফটক বন্ধ করে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করে।
পুলিশ জানায়, ২০২৩ সালে তরুণীর সঙ্গে শহীদুল ইসলাম শুভ চৌধুরীর বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। এরপর সাবেক স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে শুভর বিরুদ্ধে।
ভুক্তভোগীর বাবা আতাউর রহমান জানান, সিআইডির পোশাক ও ওয়াকিটকি নিয়ে অভিযুক্তরা জোর করে বাসায় ঢুকে তার মেয়েকে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটকে রাখেন।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, আতাউর রহমান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।