https://timenewsbangla.com

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য প্রথম কার্গোটি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার দরে কেনা হবে। অগ্রিম আয়করসহ এ কার্গোর মূল্য ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।
অন্যদিকে, ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য দ্বিতীয় কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার দরে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অগ্রিম আয়করসহ এ কার্গোর দাম ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।
দুই কার্গো এলএনজি কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
আন্তর্জাতিক দরপত্রের পরিবর্তে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাবটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পর্যালোচনা করে অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।