https://timenewsbangla.com

চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা-বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা-বৈঠকে মোট ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়িত হয়েছে এবং ২৮টি বাস্তবায়নাধীন রয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়াতে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মন্ত্রিসভা সাতটি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।
প্রতিবেদনাধীন সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদের অধিবেশনে ১০৪টি আইন পাস হয়েছে।