ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

ছুটির দিনে ঘুরতে বেরিয়ে ছেলেধরা সন্দেহে পিটুনিতে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
ছুটির দিনে ঘুরতে বেরিয়ে ছেলেধরা সন্দেহে পিটুনিতে তরুণের মৃত্যু

ছবি: -সংগৃহীত

খুলনা নগরের রায়েরমহল এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত রাজু শিকদার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ফুলতলায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন রাজু। তাকে শিশুটিকে নিয়ে যেতে দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তারা রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া উত্তর সন্তোষজনক মনে না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে আশপাশের আরও লোকজন সেখানে জড়ো হয়ে রাজুকে পিটুনি দেন। খবর পেয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির বলেন, রাজুর সঙ্গে থাকা শিশুটি তার পরিচিত ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগ, চার বছরের একটি শিশুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা সন্তোষজনক মনে না হওয়ায় কয়েকজন তাকে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে থানায় রাখা হয়েছে।

নিহতের বাবা জানান, ছুটির দিন হওয়ায় মঙ্গলবার রাজু ঘুরতে বেরিয়েছিলেন। তিনি ফুলতলায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। পরে জানতে পারেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031