ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

রেমিট্যান্সে বড় লাফ, ১৭ দিনেই এলো ১৮৯ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
রেমিট্যান্সে বড় লাফ, ১৭ দিনেই এলো ১৮৯ কোটি ডলার

ছবি: -সংগৃহীত

নতুন অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় বা রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। আগস্টের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ১৬৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা এই অর্থ দেশে পাঠিয়েছেন।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাত্র ১৭ দিনেই প্রবাসী আয় বেড়েছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার, যা প্রায় ৩২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।

শুধু আগস্ট নয়, অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয় বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৬ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার কিছুটা বাড়া, বৈধ চ্যানেল ও কার্ব মার্কেট বা হুন্ডির দরের ব্যবধান কমে আসা এবং প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ দেওয়ার কারণে রেমিট্যান্সে এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031