https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে শপথ অনুষ্ঠানের সময় ও স্থান নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।
দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পর বিজয়ী প্রার্থী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।