https://timenewsbangla.com

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবার সংসদে ভোটাভুটি হবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি জানান, ভোট শুরুর পাঁচ মিনিট আগে লাইভ সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়া সরাসরি সম্প্রচার করা হবে। তাদের ভোট শেষ হওয়ার পর বাকি ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।
চিফ হুইপ আরও জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে ৯২ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে এবং এর মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।