https://timenewsbangla.com

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে।
বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা আসবে।
গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার সড়ক এবং ৭ হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। সড়কগুলো টেকসই করতে প্রথম বছরে ১০০ কিলোমিটার সড়কে পরীক্ষামূলকভাবে রাবার-বিটুমেন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের পুরোনো ও ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপনে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর রক্ষা, সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তি, সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ঢাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের প্রকল্পও রয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পাঁচ বছরের মেয়াদে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রকল্পের পুনরাবৃত্তি ঠেকাতে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে কর্মসূচিভিত্তিক ক্লাস্টার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে একটি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে।