https://timenewsbangla.com

বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ১৭ ও ১৮ আগস্ট মালয়েশিয়া সফর করে।
সফরের প্রথম দিনে প্রতিনিধি দল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ এয়ারএশিয়ার প্রধান কার্যালয়, পরিচালন কার্যক্রম ও গ্রাউন্ড টিম রেড পরিদর্শন করে। সেখানে এয়ারএশিয়ার কম খরচের বিমান পরিচালনা মডেল সম্পর্কে বাংলাদেশি প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়।
এ সময় কম খরচের এয়ারলাইন পরিচালনার উপযোগী নীতিমালা, দ্রুত উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড, স্মার্ট প্রযুক্তি ও সমন্বিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধি দল স্বয়ংক্রিয় চেক-ইন, সেলফ-সার্ভিস ব্যাগেজ ড্রপ, ডুয়াল-ডোর বোর্ডিং, উন্নত এপ্রোন ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যাগেজ ব্যবস্থার কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করে।
সফরের প্রথম দিন সন্ধ্যায় এয়ারএশিয়ার মূল প্রতিষ্ঠান ক্যাপিটাল এ-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবায় এয়ারএশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
পরদিন ১৮ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন ম্যানের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা জোরদার, ফ্লাইট সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন ব্যবস্থা, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন প্রচারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে পর্যটন খাতে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং দক্ষতা উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।
এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন ও হসপিটালিটি খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি যোগ্য বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।