https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশ করা একটি সংবাদ বিজ্ঞপ্তি এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।
‘নো চেঞ্জ অব গার্ড সেরিমনি দিস স্যাটারডে’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানের পরিবর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়া অনুষ্ঠিত হবে।
তবে বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতির কার্যালয় নতুন একটি বিবৃতি দিয়ে আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের কথা জানায়। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরিমনি দিস স্যাটারডে’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
তবে কেন আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, নতুন বিবৃতিতে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এ আয়োজনে তিন বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সফরকারী নেতার আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে।
সাধারণত রাষ্ট্রীয় অভ্যর্থনার এক দিন আগে এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। পরে সফরকারী নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়ে থাকে।
রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিতে তারেক রহমানের আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হলেও সেটি দ্রুত প্রত্যাহার করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।