https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৩৬ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।