https://timenewsbangla.com

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন ফ্লোরে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক ও তদন্ত কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের ব্যারাক ও ডাইনিং স্পেস ঘুরে দেখেন। ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন, খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কর্মপরিবেশের বিষয়েও খোঁজ নেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তিনি অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।” নাগরিকরা যেন কোনো মাধ্যম ছাড়াই নির্ভয়ে থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।