দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অক্টোবরের প্রথম সাত দিনেই মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৩ হাজারের কাছাকাছি রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন।

নতুন পাঁচ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ১৫১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২০৮ জন। গত ২৪ ঘণ্টাতেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন।

নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ২৮০, খুলনায় ২৯২, বরিশালে ১৯৫, রাজশাহীতে ২০৬, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।