দীর্ঘ অভিনয়জীবনে মূলত বড় পর্দাতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঞ্চনাটকে কখনো অভিনয় না করলেও এবার থিয়েটার অঙ্গনের বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি। ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’-এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় পদক প্রদান অনুষ্ঠান। থিয়েটার (তোপখানা) আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন অভিনয়শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে একজন পূর্ণিমা।

প্রথমবারের মতো আয়োজিত এই পদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানান, একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এই সম্মাননা পাওয়া তার জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় পদকটি বিশেষ জায়গা দখল করে থাকবে বলেও মনে করেন তিনি।

পূর্ণিমার ভাষ্য, একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা এবং শিল্পীসত্তাকে সম্মান জানানো অনেক বড় প্রাপ্তি। একই অনুষ্ঠানে আরও গুণী শিল্পীদের সঙ্গে সম্মাননা গ্রহণ করতে পারাকেও নিজের জন্য বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মঞ্চনাটকের সঙ্গে নিজের শৈশবের স্মৃতির কথাও তুলে ধরেন পূর্ণিমা। জানান, আট-নয় বছর বয়সে বড় বোন ও দুলাভাইয়ের নাটকের সুবাদে ঢাকা নান্দনিকের মঞ্চে যাতায়াত ছিল তার। বড় বোন মঞ্চনাটকে অভিনয় করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় মঞ্চে ঘোরাঘুরি ও নাটকের পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল তার। তাই মঞ্চ তার কাছে একেবারে অপরিচিত নয়।

তবে দীর্ঘ অভিনয়জীবনে কখনো মঞ্চনাটকে অভিনয় করা হয়নি পূর্ণিমার।

এদিকে অনুষ্ঠানে পূর্ণিমার পাশাপাশি আরও ছয়জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। তারা হলেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান। তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত।

সম্মাননা পাওয়ার পর আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা বলেন, এই পদক তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।