‘বড় ছেলে’, ‘ব্যাচ ২৭’ কিংবা ‘নেটওয়ার্কের বাইরে’—একসময় তার নির্মিত নাটক ও ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। ভালোবাসার গল্প বলার নিজস্ব নির্মাণশৈলীর কারণে পরিচিতি পেয়েছিলেন ‘ভালোবাসার গল্পকথক’ হিসেবে। তিনি নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তবে প্রায় দুই বছর ধরে নতুন কোনো নাটক নিয়ে পর্দায় নেই এই নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি।
একসময় নিয়মিত নাটক নির্মাণ করলেও বর্তমানে অনেকটাই আড়ালে চলে গেছেন আরিয়ান। তার ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট দেখা গেছে ২০২৫ সালের ২৩ জানুয়ারি। অন্যদিকে, তার নির্মিত সর্বশেষ নাটক ‘যুগল’ প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ৩১ অক্টোবর। এতে অভিনয় করেছিলেন ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নীহা।
এর আগে ২০২৪ সালের মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘প্ল্যান বি’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ নিয়ে প্ল্যাটফর্মটির সঙ্গে চুক্তিও হয়েছিল। তবে আড়াই বছর পেরিয়ে গেলেও সিরিজটি মুক্তি কিংবা নির্মাণের অগ্রগতি নিয়ে নতুন কোনো তথ্য সামনে আসেনি।
আজ ২৯ নভেম্বর মিজানুর রহমান আরিয়ানের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে নির্মাণে ফেরার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে কবে আবার নতুন কাজ নিয়ে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।
আরিয়ানের নির্মাণজীবনের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি ২০১৭ সালের নাটক ‘বড় ছেলে’। এতে অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। নাটকটি প্রকাশের পর দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা নাটকের ইউটিউব ইতিহাসে প্রথম এক কোটি ভিউয়ের মাইলফলকও স্পর্শ করেছিল এটি। বর্তমানে নাটকটির দর্শকসংখ্যা প্রায় ছয় কোটি।
এ ছাড়া ‘ব্যাচ ২৭’, ‘সংসার’, ‘কথোপকথন’, ‘অ্যাংরি বার্ড’, ‘বুকের বাঁ পাশে’, ‘প্রেম তুমি’, ‘ভালো থেকো তুমি’ ও ‘ঘুরে দাঁড়ানোর গল্প’র মতো নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘পুনর্মিলনে’ দিয়েও দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেন এই নির্মাতা।
কাজের ব্যস্ততা থেকে দূরে থাকার পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন আরিয়ান। ২০২৫ সালের শেষ দিকে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর তাহসিন তামান্নাকে বিয়ে করেন তিনি। ২০২৬ সালের জুলাইয়ে বাবা হওয়ার খবর জানান। পরে ২৩ আগস্ট সন্তানের পায়ের ছবি প্রকাশ করে নতুন অতিথির আগমনের কথা জানান নির্মাতা।
বিয়ের আগেই নির্মাণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি কমতে শুরু করেছিল। এরপর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আরও নিভৃত জীবন বেছে নিয়েছেন তিনি। তবে জনপ্রিয় এই নির্মাতার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তাদের প্রত্যাশা, একদিন আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন আরিয়ান, পর্দায় শোনাবেন নতুন কোনো ভালোবাসার গল্প।

মন্তব্য করুন