https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলতি জুন মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব প্রস্তুতি সম্পন্ন হলে এই মাসের মধ্যেই ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, জুন মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে পিএসসি ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতিমালা বাস্তবায়নের দিকেও অগ্রসর হচ্ছে। এই রোডম্যাপটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের ভাইভা পরীক্ষা নেওয়া শুরু হয়।
পিএসসির তথ্য অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। চলতি মাসে ফল প্রকাশিত হলে হাজারো প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।