বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, গোপন দরপত্র ফাঁস ও সিন্ডিকেট গঠনের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকার মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় অন্যান্য রেকর্ড।
দুদক সূত্র জানিয়েছে, সংগৃহীত নথি ও তথ্য বিস্তারিত পর্যালোচনা করা হবে। এরপর অভিযোগের সত্যতা এবং আর্থিক অনিয়মের মাত্রা যাচাই করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম।
তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

মন্তব্য করুন