যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে লক্ষ্য করে কয়েকজনকে স্লোগান দিতে ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা ড. ইউনূসের কাছে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে প্রতিবাদ জানাচ্ছেন। এ সময় তাদের ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা ও দেশের পরিস্থিতি নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।

ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের মধ্যেও ড. ইউনূস নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে শান্তভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে নানা মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বিমানবন্দরে ঠিক কী কারণে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।