কঠোর অভিবাসন নীতির প্রভাবে যুক্তরাজ্যে নিট অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৯০ শতাংশ কমে তা গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এতে দেশটির শ্রমবাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে নিট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজারে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার। কোভিড মহামারির সময় বাদ দিলে ১৯৯৭ সালের পর এটিই সর্বনিম্ন বার্ষিক নিট অভিবাসন।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। কর্মী, শিক্ষার্থী ও আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে সাম্প্রতিক সময়ে এই সংখ্যা ব্যাপকভাবে কমেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, সরকার অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে ব্যবস্থাটিকে আরও ন্যায়সংগত করতে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিবাসন দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে জনমত তৈরিতেও বিষয়টি ভূমিকা রেখেছিল। সাম্প্রতিক এক ইউগভ জরিপে অর্থনীতির পর অভিবাসনকে ভোটারদের দ্বিতীয় প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে অভিবাসন কমে যাওয়ার পরও রাজনৈতিক বিতর্ক থামেনি। অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে বলেছে, এই পরিসংখ্যান উদযাপনের মতো নয়। দলটির দাবি, দীর্ঘদিনের উচ্চ অভিবাসন জনসেবা ও আবাসন ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
অন্যদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, অভিবাসন কমে যাওয়ায় বিভিন্ন খাতে কর্মীসংকট তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।


মন্তব্য করুন