যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আক্রমণ ও হেনস্তার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। একই সঙ্গে জুলাই গণহত্যা এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা বলেন সাদিক কায়েম।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নিউইয়র্কে আওয়ামী লীগের কয়েকজন সদস্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আক্রমণ ও অপদস্থ করার চেষ্টা করেছেন। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া গোষ্ঠীটির এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
সাদিক কায়েম বলেন, জুলাই গণহত্যা এবং আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা জরুরি। এসব অপরাধের বিচার ছাড়া দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতি ও গড়িমসি চলছে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সরকারের অভ্যন্তরীণ সমঝোতার প্রচেষ্টারও বিভিন্ন ইঙ্গিত দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
সাদিক কায়েমের ভাষ্য, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্ককে দেশ-বিদেশে অপতৎপরতা চালানোর সাহস জোগাচ্ছে। এ নেটওয়ার্কের মূলোৎপাটনের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
বিদেশের মাটিতে বারবার এ ধরনের হামলা ও হেনস্তার ঘটনা ঘটলেও সরকারের নির্লিপ্ততা হতাশাজনক বলে মন্তব্য করেন ডাকসুর ভিপি।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় করা এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া এসব ঘটনায় বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির যোগসাজশ কিংবা প্রশ্রয়ের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাদিক কায়েম।

মন্তব্য করুন