ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদেহ। তাঁর মতে, আসন্ন নির্বাচন সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে নতুন কোনো উদ্যোগও নিতে পারেন নেতানিয়াহু।

ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আবেদ আবু শেহাদেহ।

তিনি বলেন, ইসরায়েল বর্তমানে বিভিন্ন নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের সাম্প্রতিক ঘটনাবলি বিবেচনায় নিলে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে শিগগির বড় ধরনের পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না।

নেতানিয়াহু আবারও ক্ষমতায় থাকলে ইসরায়েলের সাধারণ জনগণ ও সরকারের মধ্যে ডানপন্থী এবং চরমপন্থী মনোভাব আরও বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই বিশ্লেষক।

সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপের প্রসঙ্গ তুলে আবু শেহাদেহ বলেন, ইসরায়েলি সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়লে জনগণের একটি অংশ আরও ডানপন্থী অবস্থানের দিকে ঝুঁকে পড়ে এবং কঠোর রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে।

তবে এসব জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই বলে উল্লেখ করেন তিনি।

আবেদ আবু শেহাদেহের মতে, নির্বাচনের আগে নিজের অবস্থান শক্তিশালী করতে নেতানিয়াহু নতুন রাজনৈতিক বা অন্য কোনো উদ্যোগ নিতে পারেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা এই নেতা সহজে ক্ষমতা ছেড়ে দিতে চাইবেন না বলেও মনে করেন তিনি।

বিশ্লেষকের ভাষ্য, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাতে পারেন। তবে নির্বাচনের আগে তাঁর সম্ভাব্য পদক্ষেপ কী হবে এবং তা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা এখনো অনিশ্চিত।