https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। ফলে মে মাসজুড়ে রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। অর্থাৎ, চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি সময়েও রেমিট্যান্স আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার আসে।
এছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।
সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাস শেষে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।