https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল জনপ্রিয় হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তির আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন অভিনেতা। নতুন সিনেমাটির নাম ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
প্রথম দুই কিস্তিতে পরিবারকে রক্ষা করতে বিজয় সালগাঁওকরের বুদ্ধি, পরিকল্পনা ও নানা কৌশলের গল্প দেখেছেন দর্শক। এবার সেই গল্পের শেষ পরিণতি কী হয়, তা নিয়েই তৈরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে নতুন কিস্তির ঘোষণা দেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে, ‘মেরা সাচ, মেরা সাহী, সির্ফ মেরি ফ্যামিলি হ্যায়’। অর্থাৎ, বিজয়ের কাছে তার সত্য ও অধিকার মানেই তার পরিবার।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকেও বিজয়ের মানসিক অবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেখানে অজয়ের কণ্ঠে শোনা যায়, অতীতে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে তিনি উপলব্ধি করেছেন—প্রত্যেক মানুষের কাছে সত্য ও অধিকারের সংজ্ঞা আলাদা। আর তার কাছে সেই সত্য ও অধিকার হলো পরিবার।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ পরিচালনা করছেন অভিষেক পাঠক। আমিল কিয়ান খান ও পারভেজ শেখের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনি।
নতুন কিস্তিতেও আগের পরিচিত চরিত্রগুলোকে দেখা যাবে। আইজি মীরা দেশমুখের চরিত্রে ফিরছেন টাবু এবং নন্দিনীর ভূমিকায় থাকছেন শ্রিয়া শরণ। রাজত কাপুরও অভিনয় করছেন। পাশাপাশি নতুন চরিত্রে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।
সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
২০১৫ সালে মোহনলাল অভিনীত মালয়ালম থ্রিলার ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেকের মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। অজয় দেবগন অভিনীত প্রথম সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পায় এবং বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে।
এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। প্রথম কিস্তির সাফল্যকে ছাড়িয়ে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।
অন্যদিকে মূল মালয়ালম ফ্র্যাঞ্চাইজিও এগিয়ে গেছে। মোহনলাল ও জিতু জোসেফের ‘দৃশ্যম ৩’ ২০২৬ সালের ২১ মে মুক্তির পর বড় সাফল্য পায়। বিশ্বব্যাপী প্রায় ২৪২ কোটি রুপি আয় করা সিনেমাটি এখন পর্যন্ত ‘দৃশ্যম’ সিরিজের সর্বোচ্চ আয়কারী কিস্তি।
এবার হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকরের ভাগ্যে কী অপেক্ষা করছে, সেই উত্তর পেতে ২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।