ফুটবল মাঠে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা। মেসিকে ঘিরে ক্লাবটির আবেগঘন বার্তায় উঠে এসেছে দীর্ঘদিনের সম্পর্ক, অসংখ্য সাফল্য এবং কাতালান ক্লাবটির ইতিহাসে তার বিশেষ অবদানের কথা।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ঘনিষ্ঠ সহযোগীরা। স্পেনের রাজপরিবারের সদস্য প্রিন্সেস লিওনরের সঙ্গে সাক্ষাতের পর পুরস্কার গ্রহণ করেন আর্জেন্টাইন তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে বার্সেলোনা লিখেছে, ২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জয়ের জন্য মেসি সম্পূর্ণ যোগ্য। মাঠে ও মাঠের বাইরে তার অবদান ফুটবলে স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণ প্রতিভা, খেলাধুলার প্রতি অঙ্গীকার এবং মানবিক সংহতির মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে অনন্য মানদণ্ড তৈরি করেছেন।
বার্সেলোনা আরও জানিয়েছে, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাবটি ছিল তার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দুই পক্ষের এই দীর্ঘ সম্পর্ক ক্লাবের ঐতিহ্যের অংশ হয়ে থাকবে বলেও উল্লেখ করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। এরপর ক্লাবটির মূল দলে কাটিয়েছেন দীর্ঘ ১৭ মৌসুম। এই সময়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি ভেঙেছেন একের পর এক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড। ২০২১ সালে আর্থিক সংকটের কারণে আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে বার্সেলোনা ছাড়তে হয় তাকে।
মেসির এই পুরস্কারকে তার ফুটবলজীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। অভিনন্দন বার্তা আবারও সামনে এনেছে ক্লাব ও মেসির দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন।


মন্তব্য করুন