লব-কুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার জানান, এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘নারীর প্রতি সম্মান’। তাঁর মতে, নারী শুধু ভালোবাসা, মমতা ও শক্তির প্রতীক নন; অন্যায় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও নারীর রয়েছে।
তিনি বলেন, এই ভাবনা থেকেই ইয়ামি গৌতমকে রাবণ বধের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে দিল্লিসহ সারা দেশের নারীদের উদ্দেশে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চান আয়োজকেরা।
অর্জুন কুমার আরও বলেন, রাবণ কেবল পৌরাণিক চরিত্র নন; অহংকার, অন্যায় ও সমাজে বিদ্যমান বিভিন্ন অশুভ শক্তিরও প্রতীক। একজন নারীকে দিয়ে প্রতীকী রাবণ বধ করানোর মাধ্যমে নারীর আত্মমর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
দিল্লির এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এর আগেও বলিউডের একাধিক তারকা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, জন আব্রাহাম, প্রভাস, কারিনা কাপুর ও চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি।
আয়োজকদের আশা, এবারের অনুষ্ঠানে ইয়ামি গৌতমের অংশগ্রহণ দশেরা উদ্যাপনে নতুন মাত্রা যোগ করবে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি নারীর সাহস, সম্মান ও সমান অংশগ্রহণের বার্তাও ছড়িয়ে দেবে এই আয়োজন।

মন্তব্য করুন