যুক্তরাজ্যে ভুয়া প্রমাণ তৈরি করে বাংলাদেশিদের আশ্রয় আবেদনে সহায়তার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযুক্তরা আশ্রয়প্রার্থীদের কাছ থেকে সর্বোচ্চ সাড়ে ৪ হাজার পাউন্ড পর্যন্ত নিয়ে সাজানো ছবি, জাল নথি ও মনগড়া প্রমাণ সরবরাহ করতেন বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার লন্ডনের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকটি ফোন, গয়না ও হাজার হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানের সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তাদের দাবি, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলভিত্তিক বাংলাদেশি এলজিবিটি সংগঠন ‘আপনজন’-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি আশ্রয় আবেদনে একই ধরনের অসঙ্গতি পাওয়ার পর তদন্ত শুরু হয়। কয়েক মাসের তদন্তে আশ্রয়প্রার্থীদের জন্য জাল চিঠি ও নথি তৈরির বিনিময়ে ১ হাজার থেকে সাড়ে ৪ হাজার পাউন্ড পর্যন্ত নেওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি কর্তৃপক্ষের।
অভিযোগের মধ্যে রয়েছে সংগঠনটির প্যাডে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি, কোনো ব্যক্তিকে সমকামী হিসেবে উপস্থাপনের জন্য সাজানো ছবি এবং সমলিঙ্গের সম্পর্কের দাবির সমর্থনে কথিত চিঠি তৈরি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে, এমন শতাধিক আশ্রয় আবেদন বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে কিছু আবেদন যথাযথ তদন্ত ছাড়াই অনুমোদিত হয়ে থাকতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে বিবিসির এক অনুসন্ধানে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে কিছু অভিবাসীকে ভুয়া সমকামী পরিচয় দেখাতে সহায়তার অভিযোগ সামনে আসে। তবে সংশ্লিষ্ট কয়েকজন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার ও তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কতগুলো আশ্রয় আবেদন প্রভাবিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য করুন