শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মালেকা পারভীন, এনডিসি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দূতাবাস মিলনায়তনে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনায় অংশগ্রহণকারী বীর সেনাসদস্য ও দেশপ্রেমিক জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া বাংলাদেশ সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নির্মিত ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাভিত্তিক একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মালেকা পারভীন বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ যেমন জাতীয় জীবনের চিরস্থায়ী প্রেরণা, তেমনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে।
তিনি আরও বলেন, দিবসটির মূল তাৎপর্য নিহিত রয়েছে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করতে জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বন্দিদশা থেকে মুক্তি এবং পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন