সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মেথামফেটামিন বা স্থানীয়ভাবে পরিচিত ‘সাবু’ মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর।
সংস্থাটি জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারের মুখোমুখি করতে তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
একই পোস্টে মাদক চোরাচালান বা সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী একটি মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে এটি ‘আইস’ নামেও পরিচিত।
সৌদি আরবে মাদক চোরাচালান গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে দীর্ঘ কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। কিছু গুরুতর মাদক অপরাধে মৃত্যুদণ্ডও হতে পারে।

মন্তব্য করুন