দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

উল্লেখ্য, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে।