জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। পরে আড়াই ঘণ্টার মধ্যে জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
সংস্থাটি জানায়, গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। সচিবালয়, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ রাজধানীর বেশ কিছু এলাকাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সচিবালয়ের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ডিপিডিসির পক্ষ থেকে তাঁকে গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কথা জানানো হয়। তবে ঠিক কোন গ্রিডে সমস্যা দেখা দিয়েছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। ধানমন্ডি-উলন গ্রিডে বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করেন। এ সময় দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সচল ছিল।
পরে বেলা আড়াইটায় সংস্থাটি জানায়, জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নভাবে চলা লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
অনাকাঙ্ক্ষিত এ বিদ্যুৎ বিভ্রাটে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

মন্তব্য করুন