রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। ফজরের নামাজের পর ওই স্থান দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
ধাক্কায় বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



মন্তব্য করুন