চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখনো ফল প্রকাশের চূড়ান্ত বা সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করছে শিক্ষা বোর্ড।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য ছিল ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতিও নিয়েছিল। তবে সাম্প্রতিক জরুরি প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।
বোর্ড চেয়ারম্যান বলেন, খুব বেশি দেরি হবে না। ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধন করেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।